নবি সাঃ এর মাদানী জীবন
নবি সাঃ এর মাদানী জীবন

এই প্ল্যাটফর্মে ইসলাম শেখা হয় সবচেয়ে সহজ, পরিষ্কার ও হৃদয়ছোঁয়াভাবে।নামাজ, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।

2f7f2c16-85cd-4bde-9315-14fe96fba96b

১. মদিনায় আগমন ও আনসারদের আতিথ্য।

নবি সাঃ যখন মদিনায় প্রবেশ করেন তখন পুরো শহর আনন্দোৎসবে ভরে ওঠে, বাচ্চারা গান গেয়ে তাকে স্বাগত জানায়। মদীনাবাসী চাতক পাখির মত অপেক্ষায় ছিল তাদের প্রিয় নেতাকে গ্রহন করার জন্য।


২. কুবা মসজিদ নির্মাণ।

মদিনায় প্রবেশের মুখে নবি সাঃ কয়েকদিন কুবা নামক স্হানে অবস্থান করেন। সেখানে তিনি একটি মসজিদ নির্মাণ করেন। এটি ইসলামের প্রথম মসজিদ।


৩. আবু আইউব আনসারীর বাড়িতে অবস্থান।

কুবায় কয়েকদিন অবস্হানের পর নবী সাঃ মদীনা শহরে প্রবেশ করেন। মদিনার অলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে যায়। তারা প্রত্যেকেই চাইছিল নবী সাঃ তাদের ঘরে থাকবেন। কিন্তু নবী সাঃ তাঁর উটনী যেখানে থামবে সেখানেই তিনি থাকবেন বলে জানালেন। উটনী একটানা চলতে চলতে এমন জায়গায় থামল যেখান থেকে আবু আইয়ুব আনসারীর বাড়ি সবচেয়ে নিকটে ছিল। সেখানে তিনি কিছুদিন অবস্থান করেন। 


৪. মসজিদে নববীর নির্মাণ।

মদিনায় এসে নবী  সাঃ এর প্রথম কাজের মধ্যে ছিল একটি কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করা- যা পরবর্তী কালে মসজিদে নববী নামে পরিচিতি লাভ করে। 

নবী সাঃ মসজিদে নববীর জন্য যে জায়গাটি পছন্দ করলেন সেটি ছিল দুইজন অনাথ বালকের।  সাহাল এবং সুহায়িল নামের দুই ইয়াতিমের কাছ থেকে তিনি ন্যায্য মূল্যে জমিটি ক্রয় করলেন এবং স্বশরীরে মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করলেন। মসজিদ নির্মাণের সময়  তিনি ইট ও পাথর বহন করেছিলেন।

এএ মসজিদ  হয়ে ওঠে মুসলিম সমাজের কেন্দ্র: ইবাদত, দাওয়াত, শাসন, শিক্ষা ও বিচার সব এখানেই পরিচালিত হয়।


৫. মুআখাত – ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা।

নবী সাঃ  মদিনায় এসে মুহাজির (হিজরেতকারী) ও আনসার (সাহাযকারী )দের মধ্যে মুআখাত বা ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন। একটি সভার মাধ্যমে সবাইকে ডেকে তিনি এই ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করার প্রক্রিয়া করেছিলেন।  এই সভাতে ৪৫ জন ছিলেন মহাজীর এবং ৪৫ জন ছিলেন আনসার।  প্রত্যেক মুহাজিরকে একজন আনসার ‘ভাই’ হিসেবে গ্রহন করে। এভাবে তার বসবাস, সম্পদ ও আবাসিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই ভ্রাতৃত্ব কেবল সামাজিক সহায়তা নয়, বরং নবী সাঃ এর  নেতৃত্বে এক ঐক্যবদ্ধ ইসলামী সমাজ গঠনে মৌলিক ভূমিকা পালন করে।

মদিনা সনদ (মদিনার সংবিধান)

মদিনায় নবী সাঃ ইহুদিদের সাথে মুসলিমদের সুশৃংখল সমাজ সংগঠন ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন এবং ক্রমবর্ধমান শক্তি সামর্থের ব্যাপারে তাদের সহযোগিতা এবং সমঝোতার কারণে একটি চুক্তি সম্পাদন করা হয়। এটি মদিনা সনদ নামে পরিচিত। নবী সাঃ  কর্তৃক প্রদত্ত মদিনা সনদ ছিল এক ঐতিহাসিক চুক্তি যা মদীনাবাসী বিভিন্ন গোষ্ঠী মুসলিম মুহাজির ও আনসার, ইহুদি, এবং অন্যান্য উপজাতির মধ্যে শান্তি, ন্যায় ও পারস্পরিক দায়বদ্ধতা স্থাপন করেছিল। মদিনা সনদ ইসলামী রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার মডেল হয়ে উঠেছে।এতে ৪৭ টি ধারা ছিল।


৬. যুদ্ধের অনুমতি ও গাযওয়া–সারিয়া।

নবী করিম সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাহাবীরা মদিনায় হিজরত করার পরও কুরাইশদের নিপীড়ন, ষড়যন্ত্র ও স্থায়ী হুমকি শেষ হয়নি। মক্কার কুরাইশরা কেবল উপহাস ও সামাজিক বঞ্চনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না.\, তারা মুসলিম সম্প্রদায়কে রাজনৈতিকভাবে চৌকষভাবে ঘিরে ফেলে হত্যা, তাড়া ও আক্রমণের হুমকি দিচ্ছিল। ফলে মুমিনরা কেবল ধৈর্য্য ধারণ করে বসে থাকার অবস্থায় ছিল না; নিজেদের, পরিবার ও নতুন প্রতিষ্ঠিত নবী‑সমাজকে রক্ষা করা জরুরি হয়ে ওঠে।

এই বাস্তব প্রেক্ষাপটে আল্লাহ তাআলা মুসলিমগণকে আত্মরক্ষার অধিকার ও সীমিত যুদ্ধ (কিতাল)‑এর অনুমতি দেন , যাতে তারা তাদের বিরুদ্ধে অব্যাহত অত্যাচার ও মুত্যুভয়ের বিরুদ্ধে প্রতিরোধ গঠন করতে পারে। 

কুরআনের আয়াত (সূরা আল‑হজ্জ, ২২:৩৯)

“যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, তাদেরকে (এখন) যুদ্ধ করার অনুমতি দেয়া হল — কারণ তাদের উপর অত্যাচার করা হয়েছে; আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করতে সক্ষম।”

(সূত্র: কুরআন, সূরা আল‑হজ্জ ২২:৩৯

দীর্ঘ নির্যাতনের পর আল্লাহ মুসলিমদের আত্মরক্ষার অনুমতি দেন। এটি ছিল অত্যাচার প্রতিরোধের ন্যায়সংগত ব্যবস্থা।

গাজোয়া ও সারিয়া

গাজওয়া (غزوة) শব্দটি ইসলামের যুগে সেই ধরনের সামরিক অভিযানকে নির্দেশ করে যাতে নবী মুহাম্মদ ﷺ নিজে সরাসরি নেতৃত্ব দিয়েছেন ও অংশগ্রহণ করেছেন। 

অন্যদিকে সারিয়্যাহ (سرية) হল সেই অভিযানগুলো যেখানে নবীর পক্ষে অন্য কোন সাহাবী বা কমান্ডারকে নেতৃত্ব দেয়া হতো, আর নবী ﷺ নিজে সেগুলোতে উপস্থিত থাকাতেন না।


৭. বদর যুদ্ধ।

হিজরতের ২য় বছরে বদর যুদ্ধের ঘটনা ঘটে। মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে ১ হাজার কাফিরদের বিরুদ্ধে যুদ্দ্ধ হয়। এই যুদ্ধে মুসলিমের বিজয় ইতিহাসের বিস্ময়কর ঘটনা। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে এই বিজয়ে সহায়তা দেন।
পবিত্র কুরআনে এ যুদ্ধের প্রসঙ্গ বিস্তারিত আছে।


৮. উহুদের যুদ্ধ।

বদর যুদ্ধের পর মক্কার কুরাইশরা ভীষণ রাগান্বিত ও প্রতিশোধস্পৃহায় উন্মত্ত হয়ে ওঠে। বদরের যুদ্ধে তাদের বহু নেতা নিহত হয়েছিল, যা ছিল তাদের জন্য এক  চরম অপমান। তারা সিদ্ধান্ত নেয় যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং মুসলিমদের ওপর আবার আক্রমণ চালিয়ে বদরের প্রতিশোধ নিতে হবে।

হিজরতের তৃতীয় বর্ষে উহুদ পর্বতের পাদদেশে মুসলমান ও কুরাইশদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। শুরুতে মুসলিমরা বিজয়ের কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু ধনুকধারী দল স্থান ত্যাগ করায় পরিস্থিতি পাল্টে যায়। রাসূলুল্লাহ ﷺ আহত হন, বহু সাহাবী শহিদ হন।


৯. খন্দকের যুদ্ধ (আহযাব)।

উহুদ যুদ্ধের পর ইসলামি রাষ্ট্রের ক্রমবর্ধমান শক্তি দেখে মক্কার মুশরিকরা, মদীনার ইহুদিরা এবং মুনাফিকরা সম্মিলিতভাবে মুসলিমদের বিরুদ্ধে এক মহা ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাদের উদ্দেশ্য ছিল একযোগে আক্রমণ করে ইসলামকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা।

এই ভয়াবহ পরিস্থিতিতে সালমান আল-ফারিসী (রা.)-এর পরামর্শে সিদ্ধান্ত হয় মদীনার উত্তরের দিক ঘিরে একটি প্রশস্ত খন্দক খনন করা, কারণ সেদিক থেকেই শত্রুরা প্রবেশ করতে পারত।

মহান নবী ﷺ নিজে সহ সমস্ত সাহাবী খন্দক খননে অংশগ্রহণ করেন। প্রচণ্ড শীত, ক্ষুধা ও কষ্ট সত্ত্বেও তাঁরা অক্লান্ত পরিশ্রম করেন। এই কঠিন সময়ে মুসলিমদের ঈমান ও ধৈর্যের পরীক্ষা হয়েছিল।

অন্যদিকে, দশ হাজারেরও বেশি শত্রুবাহিনী মদীনার চারপাশ ঘিরে ফেলে। দীর্ঘ এক মাসেরও বেশি সময় তারা অবরোধ চালায়, কিন্তু খন্দকের কারণে মুসলিমদের কাছে পৌঁছাতে পারেনি। ক্রমে আল্লাহর সাহায্যে এক প্রবল ঝড় ও বিভ্রান্তি সৃষ্টি হয়, যার ফলে মুশরিকরা হতাশ হয়ে মদীনা ত্যাগ করে।


১০. হুদাইবিয়ার চুক্তি।

 হিজরতের ষষ্ঠ বছরে নবী করিম ﷺ সাহাবীগণের সঙ্গে ওমরা পালনের উদ্দেশ্যে মক্কার পথে রওনা হন। তারা শান্তিপূর্ণভাবে কাবা শরীফে তাওয়াফ করতে চেয়েছিলেন।

কিন্তু কুরাইশরা তাদের বাধা দেয়, ফলে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত হুদাইবিয়ার সন্ধি সম্পন্ন হয়। এই সন্ধিতে কিছু শর্ত নির্ধারিত হয়েছিল, কঠোর শর্ত সত্ত্বেও এটি ইসলামের কৌশলগত বিজয়।
পরবর্তী দুই বছরে বিপুল মানুষ ইসলাম গ্রহণ করে।


১১. খায়বারের যুদ্ধ।

খায়বারের ইহুদি দুর্গগুলো মুসলিমদের জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তারা ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা ও সম্প্রসারণের পথে বাধা সৃষ্টি করছিল।

নবী ﷺ সাহাবীগণের নেতৃত্বে সুপরিকল্পিত অভিযান পরিচালনা করেন। মুসলিম বাহিনী তাদের সাহস, দৃঢ়তা এবং কৌশলগত দক্ষতা দিয়ে দুর্গগুলো দখল করে। খায়বার জয় মুসলিমদের রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করে।

যুদ্ধের পরে মুসলিমরা কৃষি জমি ও সম্পদ নিয়ন্ত্রণে আনে, যা মুসলিম উম্মাহর দীর্ঘমেয়াদী কল্যাণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে ব্যবহৃত হয়।

এই বিজয় ইসলামিক রাষ্ট্রের দৃঢ়তা এবং নবী ﷺ-এর নেতৃত্বের সাফল্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে ইতিহাসে চিহ্নিত।


১২. মক্কা বিজয়।

হুদাইবিয়ার সন্ধি, খায়বার ও অন্যান্য ছোট অভিযানের মাধ্যমে মুসলিমরা ইসলামের বিজয়ের পথে এগিয়ে আসে। কুরাইশ ও অন্যান্য শত্রু তাদের উপর প্রভাব ও সম্মান স্বীকার করতে বাধ্য হয়। মুসলিমদের মর্যাদা ও রাজনৈতিক শক্তি বৃদ্ধি পায়।

৮ হিজরিতে মক্কা রক্তপাত ছাড়াই জয় হয়। কুরাইশ নেতা আবু সুফিয়ান শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেন। এটি মুসলিমদের জন্য মানসিক ও রাজনৈতিক বিজয় হিসেবে গুরুত্বপূর্ণ। তার ইসলাম গ্রহণ অনেক শত্রু গোত্রকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করে।
নবী ﷺ সমগ্র মক্কাবাসীকে সাধারণ ক্ষমা করে দেন-
“আজ তোমাদের প্রতি কোন ভর্ৎসনা নেই।”


১৩. বিদায় হজ্জ

হিজরতের দশম বছরে নবী ﷺ হজ পালনে মক্কায় যান। উম্মাহর সঙ্গে শেষবার হজ আদায়ের সময় তিনি গুরুত্বপূর্ণ নৈতিক, সামাজিক ও ধর্মীয় শিক্ষা প্রদান করেন। এটি মুসলিম উম্মাহর জন্য চূড়ান্ত দাওয়াত ও নীতি নির্দেশনা হিসেবে রয়ে যায়।

এই হজে তিনি মানবাধিকার, নারীর অধিকার ও মুসলিম ঐক্যর মূলনীতি ঘোষণা করেন।
তিনি বলেন, “আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি: কুরআন ও সুন্নাহ।”


১৪. রসূলুল্লাহ ﷺ এর ইন্তিকাল।

১১ হিজরির রবিউল আউয়াল ১২ তারিখে তিনি দুনিয়া থেকে বিদায় নেন।  উম্মতের প্রতি তাঁর শেষ উপদেশ ছিল- “সালাত, সালাত এবং তোমাদের অধিকারভুক্তদের প্রতি সদাচরণ।”

শেয়ার করুন

Related Topic