প্রিয় আফরা, ইশমাম, আর আমার সোনামণি সব বাচ্চারা তোমাদের জন্যই আম্মু এই জায়গাটা বানিয়েছে। যেখানে তোমরা একসাথে শিখবে কুরআন, দোয়া,
সালাত, ওযু, আদব-কায়দা আর আল্লাহকে চেনার সুন্দরতম পথ।
আস্সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লহ।
আমার আদরের সন্তানেরা
আজ আমি আমার অন্তরের অন্তঃস্থলে জমিয়ে রাখা কথাগুলো তোমাদের জন্য লিখতে বসলাম। তোমরা বড় হচ্ছো, জীবনে চলার পথে অনেক কিছু শিখছো, নিজ নিজ পথে তোমরা এগিয়ে যাচ্ছো, বাবা-মা হিসেবে এটাই আমাদের সবচেয়ে বড় শান্তি, সবচেয়ে বড় আনন্দের। আলহামদুলিল্লাহ।
তোমরা এত কাইন্ড, স্বার্থহীন,পরোপকারী যা শব্দে প্রকাশ করা কঠিন। নিজেদের সফলতায় কখনো তোমরা অহংকারী নও, সুবহানআল্লাহ । তোমরা অন্য কারো সম্পর্কে কখনো নেতিবাচকভাবে ভাবো না-এটাই তোমাদের সৌন্দর্য। কী আশ্চর্য তোমাদের চরিত্র! আমি সত্যিই ধন্য। প্রতিদিন তোমাদের থেকেই আবার নতুন করে শিখি। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ, তোমাদেরকে আমার সন্তান হিসেবে পাওয়া সত্যিই আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার।
মা হিসেবে আমি তোমাদের কতটা ভালোবাসি- তা ভাষায় প্রকাশ করার মতো শক্তি আমার নেই। জীবনের নানা ব্যস্ততা ও কঠিন সময়ের কারণে কখনো সেই ভালোবাসা ঠিকভাবে প্রকাশ করতে পেরেছি কিনা জানিনা, কিন্তু তোমরা জেনে রেখো, এই অনুভুতি কেবল একজন মা-ই জানে।
প্রিয় সন্তানেরা, তোমাদের জন্য আমার ভালোবাসা শুধু দুনিয়ার জন্য সীমাবদ্ধ রাখিনি।
যদি আমি তোমাদেরকে জান্নাতের পথে চলতে সামান্যতমও সাহায্য করতে পারি, তবে সেটাই হবে একজন মায়ের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় ভালবাসার প্রকাশ।
কারণ একজন মুসলিমের জন্য জান্নাতই হলো বিরাট সফলতা।
আমি আল্লাহর কাছে সবচেয়ে দোয়া করি, তিনি যেন তোমাদেরকে শুধু এই দুনিয়ায় নয়,
আখিরাতেও সফলতা দান করেন। এটাই একজন মায়ের শ্রেষ্ঠ ভালোবাসা- দুনিয়া ও আখিরাত দুটোতেই সন্তানের সাফল্য কামনা করা।
এই কারণেই আমি তোমাদের জন্য একটি ছোট্ট কিন্তু আমার জীবনের শ্রেষ্ঠ আয়োজন তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা তোমাদের নিজেদের ইসলামিক ওয়েবসাইট, যেখানে তোমরা সহজেই সহিহ বিশুদ্ধ ইসলামিক জ্ঞান, আমল, নসীহা, দোয়া,কুরআনের আয়াত, হাদীস এবং নৈতিক শিক্ষাগুলো এক জায়গায় পাবে।
গত কয়েক বছরে আল্লাহ আমাকে যতটুকু শেখার তাওফিক দিয়েছেন এবং যা কিছু অন্যকে জানানোর সুযোগ পেয়েছি, সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়।
কিছু খাতায়, কিছু মোবাইলে নোটপ্যাডে কিছু কম্পিউটারে আর কিছু অনলাইন চ্যানেলগুলোতে যেমন টেলিগ্রাম গ্রুপ,হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপে।
আমি জানি, এই পৃথিবী অনেক ব্যস্ত। দ্বীনের জ্ঞান শিক্ষার জন্য তোমরা কোথায় ছোটাছুটি করবে, কার কাছে যাবে, কে তোমাদের বিশুদ্ধ হাদিস এবং কুরআনের জ্ঞান দিবে- এটা নিয়ে আমি সবসময় চিন্তিত ছিলাম। পরম করুনাময় আল্লাহ্ সুবহানাহু
তাআলার অশেষ দয়ায় তোমাদের জন্য এই ওয়েসাইটের আইডিয়া আমার মাথায় আসে।
এই ওয়েবসাইটটি তোমাদের জন্য দ্বীন শিক্ষার একটি নিরাপদ ঠিকানা হবে,
ইনশাআল্লাহ, যখনই মন চাইবে, যখনই মনে কোন প্রশ্ন জাগবে, যখনই কোন আমল বা ইবাদত কিভাবে করব মনে হবে তখনই আম্মুর বানানো এই ওয়েবসাইটে চলে আসবে যা আজ থেকেই তোমাদের অস্তিত্বের সাথে আমি যুক্ত করে দিলাম। এই সাইটটি শুধু ইসলামিক তথ্যের ভাণ্ডার নয়। এটি আমার দোয়া, আমার ভালোবাসা, আমার স্বপ্ন—যেটি ব্যাবহার করলে তোমাদের দ্বীনের পথে চলা সহজ হবে, জান্নাতের পথ প্রশস্ত হবে। আর আল্লাহ যদি কবুল করেন তাহলে এটা হবে আমার কবরের জন্য আলো। ইনশাআল্লাহ।
এই জায়গাটি তোমাদের নিজেদের উপকারে তো আসবেই আবার যখন তোমরা বাবা মা হবে তখন এটি তোমাদের সন্তানদের জন্যও হবে উপকারী। আবার বন্ধু বা আত্মীয়দের সাথেও শেয়ার করতে পারবে। এই ওয়েবসাইট থেকে নেওয়া একটি হাদীস, একটি দোয়া, একটি শিক্ষা হয়তো কারো জীবন বদলে দিতে পারে। জ্ঞান শেয়ার করা একটি সদাকায়ি জারিয়াহ যার সওয়াব কখনো বন্ধ হয় না।
তোমরা যখন শিখবে, আমল করবে, তারপর অন্যকে শেখাবে, তখন আমি এই দুনিয়াতে না থাকলেও আল্লাহর পক্ষ হতে সেই পুরস্কার আমার কাছে পৌঁছে যাবে। একজন মায়ের সবচেয়ে বড় স্বপ্ন হল তার সন্তানরা যেন ইসলামের সঠিক পথে চলে এবং
অন্যদের পথ দেখানোর আলো হয়ে ওঠে।
মনে রেখো, ইসলাম শুধুই নিয়ম-কানুন নয়- এটি একটি পরিপুর্ণ জীবন বিধান। এই ওয়েবসাইট
তোমাদের সেই পথ সহজ করে দেবে, ইনশাআল্লাহ।
যখনই সময় পাবে, একটু ঢুঁ মেরে দেখে নিও। তোমরা চাইলে নিজের নোট, দোয়া, রিমাইন্ডার, বা নতুন কোন শিক্ষা যোগ করতে পারো এখানে। একদিন দুনিয়া আরো উন্নত হবে আজকের চেয়ে। তাই পারলে এই ওয়েবসাইটটি আপডেট করবে। একদিন তোমাদের সন্তানরাও হয়তো এই সাইট দেখে বলবে-
“আমাদের মা-বাবা আল্লাহর রহমতে আমাদের জন্য ইসলামের পথে চলা সহজ
করেছেন। ”
আল্লাহ তোমাদের পরিপূর্ণ হেদায়েত দান করুন, তোমাদের জীবনে বরকত, সুখ ও নেক
আমলের সকল দরজা খুলে দিন। তোমাদের দুইজনকে মুত্তাকীদের ইমাম বানিয়ে দিন।
তোমাদের সলাত কায়েমকারী বানিয়ে দিন এমনভাবে যেমন মধুর সাথে মৌমাছির সম্পর্ক। আল্লাহ যেন জান্নাতের বাগানে আমাদের পুরো পরিবারকে একত্রিত হবার তাওফিক দান করেন।
আমার আদরের সন্তানেরা, তোমাদের কাছে আমার শুধু একটি আন্তরিক অনুরোধ- সালাত, সালাত, সালাত। সালাত আদায় করবে নিয়মিত।
তোমরা প্রতিদিন অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাত পড়বে যেই পরিস্থিতিতেই থাকো না কেন, কখনো তোমার প্রতিদিনের সালাতকে ছেড়ে দিও না। এটাই আমার তোমাদের কাছে একমাত্র চাওয়া। কারণ কিয়ামতের দিন যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াব, তখন সর্বপ্রথম যে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তা হলো সালাত।
কস্ট হবে , অলসতা আসবে, ব্যস্ততা থাকবে তবুও তোমরা প্রতিদিন সময়মতো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে।
হে আল্লাহ, আমাকে, আমার সন্তানদের এবং আমার পরিবারকে সাহায্য করুন যাতে আমরা মৃত্যুর দিন পর্যন্ত নিয়মিত বিশুদ্ধ সালাত আদায় করতে পারি। আমীন।
“রাব্বিজ আলনী মুকীমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দু‘আ”
হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের রব, আমার দোয়া কবুল করুন।
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
ইয়া আল্লাহ, আপনি আমার একমাত্র কন্যা আফরা ও একমাত্র পুত্র ইশমামকে জান্নাতের পথে কবুল করে নিন। আমার এবং আমার স্বামীর জন্য আমার দুটি
সন্তানকে সদাকায়ে জারিয়া বানিয়ে দিন, চক্ষু শীতলকারী বানিয়ে দিন।
জানো, সহিহ হাদিসে আছে জান্নাতে সবাই হবে সেইম বয়সের, তরুণ-তরুণী, আর অপরুপ
সৌন্দর্যের অধিকারী সুবহানআল্লাহ । তোমাদের আর আমার মাঝে কোনো জেনারেশন গ্যাপ থাকবে না! ভাবতে পারো?
প্রতিদিন আমি স্বপ্ন দেখি তোমাদের দুইজনের হাত ধরে মিস্টি মধুর বাতাসে চুল উড়িয়ে জান্নাতের বাগানে আমি দৌড়ে বেড়াচ্ছি… কত সুন্দর, শান্তিময়, অবর্ণনীয় সেই জীবন!
অবিরাম ভালোবাসা, অফুরন্ত দোয়া তোমাদের জন্য। তোমাদের দুনিয়া ও আখিরাতের সাফল্য গর্বিত এবং তোমাদের সাথে অনন্তকাল জান্নাতুল ফেরদৌসে থাকার উদ্গ্রীব অপেক্ষায়……..
– তোমাদের আম্মু