
ইসলাম থেকে সত্যিকারের শিক্ষা নিতে চাইলে আমাদের প্রথমে জানতে হবে- আমরা কার উম্মত।
আমরা সেই মহান নবী মুহাম্মদ ﷺ এর উম্মত, যাকে আল্লাহ সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন।
তাঁকে জানা, তাঁর জীবনকে বুঝা এবং তাঁকে অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহর দ্বীন আমাদের কাছে পৌঁছেছে তাঁর মাধ্যমেই। কুরআন তিনি আমাদের শিখিয়েছেন, ইসলাম কীভাবে পালন করতে হয় তা তিনি নিজের জীবন দিয়ে দেখিয়েছেন।
আমরা যদি ইসলামকে সঠিকভাবে জানতে চাই, তাহলে আমাদের জানতে হবে:
- তিনি কে ছিলেন
- কীভাবে জীবন যাপন করতেন
- কীভাবে ইবাদত করতেন
- মানুষের সাথে কেমন আচরণ করতেন
- কীভাবে আল্লাহকে ভালোবাসতেন
তাঁকে ভালোবাসা, তাঁর সুন্নাহ অনুসরণ করা এবং তাঁর জীবন থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমেই একজন মানুষ ইসলামের প্রকৃত সৌন্দর্য বুঝতে পারে।
আজকাল অনেক মানুষ বিশ্বজোড়া অনেক সেলিব্রিটি, খেলোয়াড় বা অভিনেতাকে খুব ভালোবাসে। তারা তাদের মতো সাজে, তাদের কথা অনুসরণ করে, তাদের মতো হতে চায়। কিন্তু আমরা মুসলিমরা জানি – আমাদের জীবনের সবচেয়ে বড় আদর্শ ও অনুসরণ করার মতো মানুষ হলেন আমাদের প্রিয় নবি মুহাম্মাদ সাঃ।
আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন
- “তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।”
সুরা আল-আহযাব 33:21
অর্থাৎ, আমরা যদি নবি ﷺ এর মতো হতে চাই, তবে আমরা ভালো ও উত্তম চরিত্রের মানুষ হতে পারবো। - “বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তবে আমার অনুসরণ করো; আল্লাহ তোমাদের ভালোবাসবেন।”
সুরা আলে ইমরান 3:31
এখানে আল্লাহ নিজে বলেছেন, নবি ﷺ কে অনুসরণ করলে আল্লাহ আমাদের ভালোবাসবেন। সুবহানআল্লাহ
- সহিহ হাদিসে নবি ﷺ বলেছেন,
“তোমাদের কেউ সত্যিকারের মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে আমাকে নিজের বাবা, মা, সন্তান এবং সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসে।” বুখারি ও মুসলিম - তিনি আরও বলেছেন,
“যে আমাকে ভালোবাসবে, সে কিয়ামতের দিন আমার সাথে থাকবে।” তিরমিজি
ধরো, তোমার প্রিয় কোনো ফুটবল খেলোয়াড় আছে- যেমন মেসি বা রোনালদো। তুমি তাদের খেলা দেখতে ভালোবাসো, তাদের জার্সি পরো, তাদের মতো গোল করতে চাও। তাদের কোন খবর জানতে তোমার খুব ভাল লাগে তাইনা ? কিন্তু যিনি আমাদের সর্ব শ্রেস্ঠ নবি, আল্লাহর প্রিয় হাবিব , যাঁর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না তাঁর সম্পর্কে আমরা কতটুকু জানি। তাঁকে আমরা কতটুকু ফলো করি? আল্লাহ সুবহানাহু তাআলা তাঁকে আমাদের রোল মডেল হিসেবে পাঠিয়েছেন। তাঁর দেখানো পথে চল্লেই আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারব, জান্নাতে যেতে পারব। তাই প্রিয় নবি সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি।
চলো তাহলে সংক্ষেপে জেনে নিই প্রিয় নবির জীবন পরিক্রমা।