
এটা এমন একটা দুয়ার লিস্ট যেটা তুমি যখন ইচ্ছা পড়বে পারবে। হাতে যদি অল্প একটু সময় থাকে তাও এই দুয়াগুলো ছাড়বেনা। সহিহ হাদিস ও কুরআনে অসংখ্য দুয়া আছে যেগুলোর অনেক বেনিফিট আছে। সময় বেশি থাকলে অবশ্যই অনেক দুয়া করবে। তবে এখানে খুবই অল্প কিন্তু শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দুয়া দিয়ে সাজিয়েছি তোমাদের জন্য। এগুলো তোমাদের ম্যাজিক দুয়া লিস্ট। যা। খুবই সহজ । তুমি যখন খুশি, যেখানে খুশি পড়তে পারবে। যেমন: গাড়ি চালানোর সময়, ভ্রমণে, ব্যস্ত দিনের মাঝে, এমনকি শরীর খারাপ থাকলেও বিছানায় শুয়ে শুয়ে এগুলো বলা সহজ। এখানে তোমার নিজের, তোমার বাবা মায়ের জন্য, তোমার সন্তানদের জন্য দুয়া আছে। আর আছে জান্নাত পাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচার দুয়া।
এ লিস্টের প্রতিটি দোয়াই খুবই শক্তিশালী।
শুধু মনে রাখবে, ইখলাস (খাঁটি মন) দিয়ে, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে এগুলো বলবে।
আসো দুয়াগুলো পড়ি –
১.
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ, ওয়া ফিল্-আখিরতি হাসানাহ, ওা ক্বিনা আযাবান্নার।
অর্থ: হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতে কল্যাণ দাও এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো।
২.
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
উচ্চারণ: রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
অর্থ: হে আমার প্রতিপালক! আমার বাবা-মাকে রহমত দাও, যেমন তারা শৈশবে আমাকে লালন-পালন করেছেন।
৩.
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
উচ্চারণ: রব্বিজ আলনি মুক্বিমাস সলাতি, ওয়া মিন যুররিয়াতি; রব্বানা ওয়া তাকাব্বাল দু’আ।
অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে ও আমার সন্তানদের নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন, এবং আমাদের দোয়া কবুল করুন।
৪.
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই।
৫.
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আজাবি জাহান্নাম।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাই।
দোয়া কবুলের সময়গুলো যখন আল্লাহ বিশেষভাবে দোয়া গ্রহণ করেন
ইসলামে কিছু সময় আছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই সময়গুলোতে মন থেকে দোয়া করলে আল্লাহ তা কবুল করতে পারেন ইনশাআল্লাহ।
এই সময়গুলোকে মনে রাখলে তুমি ম্যাজিক দুয়ার লিস্ট খুলে একের পর এক দোয়া পড়তে পারো।
দোয়া কবুলের সময়গুলোর তালিকা
- সিজদার সময়
- শেষ রাতের (তাহাজ্জুদের) সময়
- আজান ও ইকামতের মাঝখানে
- ফরজ সালাতের পর
- রোজা অবস্থায় (বিশেষ করে ইফতারের সময়)
- বৃষ্টির সময়
- জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত
- সফরের সময় (মুসাফির অবস্থায়)
- বিপদ ও কষ্টের সময়
- পিতামাতার জন্য সন্তানের দোয়া
- মজলুমের (অন্যায়ভাবে আক্রান্ত ব্যক্তির) দোয়া
- কাবা ঘরের সামনে বা হারামের ভিতরে দোয়া
- জমজম পানি পান করার সময়
- কুরআন তিলাওয়াত শেষে দোয়া
আল্লাহ আমাদের সবাইকে এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করার এবং কবুল হওয়ার তাওফিক দান করুন। আমীন।