
প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার হলো সেই দিনগুলো, যেদিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.) রোজা রাখতেন। তাই আমরাও এই সুন্নত পালনের চেষ্টা করি।
সহিহ হাদিস অনুযায়ী, রাসূলুল্লাহ (সা.) এই দুই দিন রোজা রাখতেন এবং এটি তাঁর অন্যতম প্রিয় আমল ছিল।
মনে রাখার মতো কিছু জরুরি বিষয়:
- সহিহ নিয়ত: রোজা রাখার সময় তোমার নিয়ত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ওজন কমানো বা অন্য কোনো পার্থিব উদ্দেশ্যে নয়। মনে মনে বলবে— “হে আল্লাহ, আমি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য রোজা রাখছি।”
- গ্রীষ্মকালের রোজা: গরমকালে দিন লম্বা হওয়ায় রোজা রাখা কিছুটা কঠিন হতে পারে। কিন্তু মনে রেখো, কষ্টের কাজ করলে পুরস্কারও বেশি পাওয়া যায়।
- শীতকালের রোজা: শীতকালে দিন ছোট হওয়ায় রোজা রাখা অনেক সহজ। তাই এই সুযোগে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ।
হে আল্লাহ! আপনি আমার সোনামণিদের এবং সকল আমলকারীকে নিয়মিত রোজা রাখার তৌফিক দান করুন এবং আমাদের প্রিয় নবীর (সা.) দেখানো পথে চলার শক্তি দিন। আমিন।
১. সোমবারের রোজা সম্পর্কে হাদিস
নবী করিম (সা.) সোমবার রোজা রাখতেন—কারণ এই দিনে তাঁর জন্ম হয়েছে এবং এই দিনেই তাঁর ওপর ওহী নাজিল শুরু হয়েছিল।
سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ يَوْمِ الِاثْنَيْنِ؟ فَقَالَ: «ذَاكَ يَوْمٌ وُلِدْتُ فِيهِ، وَيَوْمٌ بُعِثْتُ، أَوْ أُنْزِلَ عَلَيَّ فِيهِ»
অর্থ: রাসূলুল্লাহ (সা.)-কে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: “এই দিনেই আমার জন্ম হয়েছে এবং এই দিনেই আমার ওপর ওহী (কুরআন) অবতীর্ণ হয়েছে।” — (সহিহ মুসলিম, হাদিস: ১১৬২)