
এখন তোমরা অন্তত কিছুটা বুঝতে পেরেছো আল্লাহ কে। এখন তোমরা জানো, আল্লাহ এক, চিরঞ্জীব, সর্বশক্তিমান এবং সবকিছুর ওপরে আছেন। তিনি সবকিছু দেখেন, শুনেন এবং সবকিছুর নিয়ন্ত্রণ করেন। এটাও বুঝতে পারছো, আল্লাহ আমাদের খুব নিকটে আছেন। আমরা যখন তাঁর কাছে দোয়া করি, তিনি আমাদের প্রার্থনায় সাড়া দেন। আমাদের প্রতিটি ভালো বা খারাপ কাজ আল্লাহ জানেন, এবং তিনি আমাদের পরীক্ষা করে দেখেন কে আল্লাহর পথে সবচেয়ে ভাল কাজ করে।
এখন কেমন লাগছে? নিশ্চয়ই হৃদয়টা আনন্দে ভরে উঠছে, কারণ তোমরা এখন জানো যে আল্লাহ সবকিছুর স্রষ্টা, রক্ষক এবং আমাদের মালিক। আমরা একমাত্র তাঁরই ইবাদত করি।
এখন যেহেতু তোমরা জানো আল্লাহ কে, চল তাহলে আমরা শুরু করি ইবাদতের কথা। ইবাদত হলো এমন সব কাজ যা আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করি। কোনো মানুষের প্রশংসা পাওয়ার জন্য করিনা।
ইবাদত অনেক রকম হতে পারে—যেমন সালাত পড়া, রোজা রাখা, দান করা, বা সদকা দেওয়া। সবকিছুর মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যখন তুমি ইবাদত করো, তখন তুমি শুধু আল্লাহর জন্যই তা করছো। এই কাজগুলো আমাদের জীবনকে সুন্দর করে, আমাদের মনকে শান্ত করে এবং আমাদেরকে আল্লাহর আরও কাছে নিয়ে আসে।
তোমরা কি প্রস্তুত? এখন আমরা ইবাদতের বিভিন্ন রকম এবং তা কিভাবে করতে হয় সে সম্পর্কে শিখতে শুরু করব। এতে তুমি বুঝতে পারবে, কেন আমরা আল্লাহর জন্য এই কাজগুলো করি এবং এগুলো আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতা কিভাবে আনে। কিভাবে পথ প্রশস্ত করে।
চল শুরু করি।